
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।”
এ সময় তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে কিছু নতুন টেকনিক্যাল ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে ভোটগ্রহণ আরও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।