
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন।
আজ সকাল সাড়ে সাতটার পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে ভোট দেন মির্জা ফখরুল। এ সময় তাঁর স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে শামারুহ মির্জা ও মির্জা সাফারুহ এবং ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের আগামী দিনের পথচলা এবং এর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।