Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / শীতে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা; চারা সংকটের আশঙ্কা

শীতে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা; চারা সংকটের আশঙ্কা

2026-01-05  Surjalok Desk  419 views

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন নিভৃত পল্লীতে হাড়কাঁপানো শীত ও অব্যাহত ঘন কুয়াশার প্রভাবে বিবর্ণ হয়ে পড়ছে বোরো ধানের বীজতলা। শুরুতে চারাগুলো সবুজ ও সতেজ থাকলেও কয়েকদিনের বৈরী আবহাওয়ায় তা হলদে হয়ে মড়ক ধরার উপক্রম হয়েছে। এতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৫৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ জমির জন্য ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। কিন্তু প্রকৃতির বৈরী আচরণে সেই লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে।

সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা মাঠের পর মাঠ বীজতলা এখন ফ্যাকাসে হলদে হয়ে যেতে শুরু করেছে।

8fa7dda1-b38f-484b-8b0a-4376242e3e33.jpeg

কৃষকদের অভিযোগ, চারাগুলো বাঁচাতে বাজারে পাওয়া বিভিন্ন ওষুধ ও কীটনাশক প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না।

কৃষিভাণ্ডার হিসেবে পরিচিত এই জেলার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা ধান চাষ। আকচা ইউনিয়নের  কৃষক অনিল রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “কুয়াশায় বীজতলা শেষ হয়ে যাচ্ছে। চারা বাঁচাতে কত কিছু করছি কিন্তু কাজ হচ্ছে না।
এই বিপদের সময় কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকে আমরা মাঠে পাচ্ছি না। যদি চারা নষ্ট হয়ে যায়, তবে এবার বোরো চাষ করাই অসম্ভব হয়ে পড়বে।

তবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অনুপস্থিতির অভিযোগ থাকলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের বিশেষ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে।

7281ad85-21dc-457c-b637-e0f410fd2298-1.jpeg

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাজেদুর ইসলাম বলেন,শীত ও কুয়াশায় ঠাকুরগাঁওয়ে এখনো বোরোর বীজতলার তেমন ক্ষতি হয়নি। তবে ক্ষতি প্রতিরোধে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেয়া এবং রাতে টিউবওয়েলের গরম পানি ছিটিয়ে দিতে বলা হচ্ছে। এতে শীত এবং কুয়াশার কবল থেকে রক্ষা পাবে বোরোর বীজতলা।সকালবেলা চারার ওপর জমে থাকা শিশির ঝরিয়ে দেওয়া। বীজতলায় পরিমাণমতো সার ও পানি ধরে রাখা।

তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে চারা সংকটের কারণে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় দিন কাটছে ঠাকুরগাঁওয়ের হাজারো কৃষকের। 


Share: