Surjalok News

Header
collapse
Home / জাতীয় / সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

2026-02-13  Surjalok Desk  143 views
img-2234.webp

বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে ২১২টিতে জয় পেয়েছে দলটি। ধানের শীষ প্রতীকে জয় এসেছে ২০৯ আসনে। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত হওয়ায় সরকার গঠনের পথে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

এখন রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচ্য প্রশ্ন, সরকার গঠন হলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, বাস্তবতা সেদিকেই ইঙ্গিত করছে যে দলীয় চেয়ারম্যান তারেক রহমানই হতে পারেন সরকারপ্রধান। তার মা খালেদা জিয়াও প্রথমবার নির্বাচনে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারেক রহমানের ক্ষেত্রেও এটি প্রথম জাতীয় নির্বাচন।

এমনটা হলে প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশে আবার কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। ১৯৮৯ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০–এর পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের সরকারপ্রধান ছিলেন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। খালেদা জিয়া তিনবার এবং সর্বশেষ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশের রাজনীতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, নেতৃত্ব নারী বা পুরুষ দিয়ে বিচার করা যায় না, তা নির্ভর করে দক্ষতা ও যোগ্যতার ওপর। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার বক্তব্যের শালীনতা মানুষ পছন্দ করত, অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য নিয়ে সমালোচনাও ছিল।


Share: