Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / প্রতিদিন রাস্তায় ঘুরে দুস্থ ও রোজাদারের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছে তরুণদের সংগঠন 'ইয়াস'

প্রতিদিন রাস্তায় ঘুরে দুস্থ ও রোজাদারের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছে তরুণদের সংগঠন 'ইয়াস'

2026-02-20  Surjalok Desk  165 views
6cfab76a-839c-4c45-a455-a41521097cd4.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

পবিত্র রমজান মাসজুড়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। সংগঠনটি রমজানের শুরু থেকেই শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ, অসহায়, পথশিশু, বেদে পল্লীর বাসিন্দা, রোজাদার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াস। তারই ধারাবাহিকতায় চলতি রমজানেও মাসব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার তুলে দিচ্ছেন।

সংগঠনটির সভাপতি আবির হোসেন রানা বলেন, “আমরা চাই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

b05466b9-c6ff-41af-b313-3f03234ded42.jpeg

সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান, সংগঠনের কার্যক্রম শুধু ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “আমরা বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে  সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার হামলা রোধে সাইবার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ‘ঈদের রঙীন হাসি’ শীর্ষক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।”

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা বলেন, “রমজানের পুরো মাস আমরা রাস্তায় ঘুরে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমে সমাজের নিম্ন ও বিত্তবান ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা ডোনেট করা যায়। অনুদান বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন আরও বেশি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিতে পারবো। পুরো রমজান মাস এই কার্যক্রম চালু রাখাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নিতে বা সহযোগিতা করতে আগ্রহীরা বিকাশ , নগদ (০১৭৪০২০৬৪১০) সেন্ড মানির মাধ্যমে অনুদান প্রদান করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৯-৫১৭০১৮ নম্বরে অথবা সংগঠনের ফেসবুক পেজে।


Share: