
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত সাধারণ ছুটিতে পরিবর্তন এনেছে সরকার। এ বিষয়ে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য চলতি মাসের ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে।
তবে এই বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে।
এর আগে ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করলে কারখানাগুলো প্রয়োজনে পরবর্তীতে অন্য কোনো দিনে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত একদিন কাজ করিয়ে তা সমন্বয় করতে পারবে। বিজিএমইএর আবেদনের পর উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রমজান মাস উপলক্ষে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিও নির্ধারণ করেছে সরকার। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজানজুড়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।