
নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো অস্পষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়াবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার যে কথা বলা হচ্ছে, তা পুরোপুরি অপপ্রচার। এমন কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা।’
তিনি আরও বলেন, গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, তার মূল্যায়ন জনগণই করবে। এ সময়ে ৬৮টি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।
ভোক্তা পর্যায়ে স্বস্তি আনতে এলপি গ্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান প্রেস সচিব। তিনি বলেন, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।
প্রেস সচিব জানান, এবারের নির্বাচন পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর।