
বীথি শর্মা বনিক:
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ঝালকাঠি-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, শহিদ পরিবারের সদস্যরা, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, ঝালকাঠি প্রেসক্লাব, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা পরিষদ, ঝালকাঠি সাংবাদিক সংস্থা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল ঝালকাঠিসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।