Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে দাঁড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও দুই জামায়াত কর্মীর দোকানে আগুন

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও দুই জামায়াত কর্মীর দোকানে আগুন

2026-02-10  Surjalok Desk  131 views
img-2056.jpeg


ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে দাঁড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও দুই কর্মীর দোকানে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান গ্রামে পৃথক অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনের শেষ দিনের প্রচারণা শেষে কর্মী সমর্থকরা বাড়িতে চলে যায়। রাতে দুর্বৃত্তরা একটি নির্বাচনী কার্যালয় ও দুই জামায়াত কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে নির্বাচনী কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
ঝালকাঠি-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লর প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, এই মুহূর্তে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা আগুন দিয়েছে। যাতে করে সবাই শঙ্কিত হয়ে পড়েন এবং ভোট দিতে না যান।
জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, মহিলা ভোটাররা যাতে কেন্দ্রে না যায়, তাদের ভয় দেখানোর জন্যই আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


Share: