
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির উদ্যোগে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাচান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, শিক্ষক আবদুল হালিম লস্কর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক লস্কর।
এসময় বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে বেরমহল এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষ উপকৃত হয়েছেন। শীত মৌসুমে গ্রামাঞ্চলের অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ সময় সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির এ মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের কষ্ট লাঘবে কার্যকর অবদান রেখেছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান বক্তারা।
এসময় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।