
মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
গত ১৫ বছর বিরোধীদলের ওপর আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের ফলে জামায়াতের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলার অন্য দুটি আসনেও বিএনপির প্রার্থীরা জয়ী হন।
জামায়াতের উত্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর দমণ-পীড়ণের কারণে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, মানুষের কন্ঠ রোধ করা হয়, তখন অগ্রগতি শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠতে থাকে-সেটাই এদেশে ঘটেছে।
তিনি বলেন, আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন পীড়ণমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে, এটা হয়েছে।
তিনি বলেন, আমি অত্যন্ত কনফিডেন্ট, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের ( জামায়াত) রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের কথাগুলো, প্রতিশ্রুতিগুলো, পয়েন্টগুলো-জনগণ গ্রহণ করেছে বলেই আজকে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন; যাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের যেসব অংশে আমরা স্বাক্ষর করেছি,এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে ৩১ দফা আছে সেগুলোও পর্যায়ক্রমে কার্যকর করব।