
সূর্যালোক ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। এ প্রেক্ষাপটে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে আইনমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।
বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্য সামনে রেখে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চায় দলটি। আইন খাত আধুনিকায়নের অংশ হিসেবে এ মন্ত্রণালয়ের দায়িত্ব আসাদুজ্জামানের হাতে তুলে দিতে পারেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি এমন কোনো সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন এবং মন্তব্য করতে চান না। তবে দলীয় চেয়ারম্যান তাকে উপযুক্ত মনে করলে দায়িত্ব পালনে প্রস্তুত থাকবেন।
ঝিনাইদহ-১ আসনে তিনি বেসরকারিভাবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট পেয়েছেন।
মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এবং দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ১৯৯৫ সালে বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হন। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান এবং ১৯৯৭ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হন।
তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সক্রিয়ভাবে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।